প্রকাশিত: Wed, Dec 14, 2022 8:50 AM
আপডেট: Thu, Jul 23, 2026 4:52 AM

গুম হওয়া বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

ক‚টনৈতিক প্রতিবেদক: গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি সুমনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। সাক্ষাত শেষে তিনি তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চলে যান। তেজগাঁও থানা বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদুত। যদিও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

সুমনের পরিবারের সঙ্গে পিটার হাস সাক্ষাত করে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে  স্মারকলিপি দিয়েছেন ‘মায়ের কান্না’ সংগঠনের সদস্যরা। ‘মায়ের কান্না’র সংগঠকরা বলছেন, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালের ২ অক্টোবরের বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্যকে গুম করা হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। মায়ের কান্না সংগঠকদের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে পরবর্তী সময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে। সম্পাদনা: খালিদ আহমেদ